রাজশাহীতে ৭৯ জন শিক্ষার্থীকে নিয়ে জিনিয়াস বৃত্তি প্রদান
রাজশাহীতে ৭৯ জন শিক্ষার্থীকে নিয়ে জিনিয়াস বৃত্তি প্রদান
রাজশাহী অঞ্চলের ৭৯ জন জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নিয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে জিনিয়াস বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীন’স কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার, নওয়াব আব্দুল লতিফ হলের প্রভোস্ট ও পার্সিয়ান ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আতাউল্লাহ, উর্দু বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে সিজেডএম-এর কার্যক্রম ও জিনিয়াস বৃত্তি সম্পর্কে বিস্তারিত বক্তব্য প্রদান করেন সিজেডএম-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন।
বক্তারা জিনিয়াস বৃত্তি বাছাই প্রক্রিয়া সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, জিনিয়াস বৃত্তি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত সহায়তা কর্মসূচি। এর আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৪,০০০ টাকা করে ৩০ মাস বৃত্তি প্রদান করা হয় এবং প্রতি মাসে অনলাইনে একটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সেশন আয়োজন করা হয়।
এ পর্যন্ত রাজশাহী অঞ্চলে ৩,৫০৯ জন শিক্ষার্থীকে জিনিয়াস বৃত্তি প্রদান করা হয়েছে এবং বর্তমানে ৭৬৩ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় রয়েছে। চলতি বছরে নতুন করে ৭৯ জন শিক্ষার্থী এই বৃত্তির অন্তর্ভুক্ত হয়েছে।
২০১০ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় সিজেডএম ইতোমধ্যে প্রায় ১৮,০০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে।
জিনিয়াস বৃত্তির মাধ্যমে আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণও প্রদান করা হয়, যা তাদেরকে ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে—ইনশাআল্লাহ।